সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার মার্কিন নাগরিক

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার মার্কিন নাগরিক

রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়ায় গাড়ীতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় আটক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে রমনা মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত তদন্ত কর্মকর্তার এ আদেশ দেন।

বিজ্ঞাপন

পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে রমনা মডেল থানার এসআই আবু হানিফ। বেলা তিনটা সিএমএম আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে বলে নিশ্চিত করেন প্রসিকিউশন বিভাগ।

এর আগে শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে এনায়েত করিম চৌধুরীকে আটক করে রমনা মডেল থানা পুলিশ। ওইদিন বিকেলে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন রমনা মডেল থানার এসআই আজিজুল হাকিম।

পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন। এরই মাঝে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে রমনা মডেল থানায় মামলা করে পুলিশ। এরপর তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করলো পুলিশ।

রিমান্ড আবেদনে বলা হয়, শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে মিন্টো রোডের মন্ত্রীপাড়া এলাকায় প্রাডো গাড়ীতে আরোহন করে সন্দেহজনক চলাচল করতে দেখা যায় এনায়েত করিম চৌধুরীকে। এসময় তার গাড়ী থামানো হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তিনি কোন সদুত্তোর দিতে পারেননি। এজন্য তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। তার কাছ থেকে পাওয়া দুইটি আইফোন জব্দ করা হয়। প্রাথমিকভাবে তার ফোন বিশ্লেষণ করে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

এনায়েত করিম বাংলাদেশের বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। গত ৬ সেপ্টেম্বর সকাল ৯ টা ৫০ মিনিটে নিউইয়র্ক থেকে কাতার এয়ারওয়েজ যোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তিনি বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট বলেও জানা গেছে।

গত ৬ ও ৭ সেপ্টেম্বর সোনারগাঁও হোটেলে অবস্থান করেন। পরবর্তীতে গুলশানে অবস্থান করতে থাকেন। ইতোমধ্যে তিনি সরকারি উচ্চ ও নীতি নির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তাদের সাথে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতৃবৃন্দ, ব্যবসায়ী মহলের সাথে গোপন বৈঠক করেন বলে জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন