আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে যেতে চায় এবং স্বচ্ছতার এই পথ অনুসরণ করেই কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছানো সম্ভব।
শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আইন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করতে গিয়ে আইনজীবীদের স্বার্থ যেমন দেখতে হয়, তেমনি বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার প্রাপ্তির বিষয়টিও সমানভাবে গুরুত্ব দিতে হয়। একই সঙ্গে বিচার বিভাগের ভালো-মন্দ দেখাও আমাদের নৈতিক দায়িত্ব।
আইনমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে তার প্রথম সাক্ষাতের প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তখন জোর দিয়ে বলেছেন যে, বিচার বিভাগকে তার নিজস্ব গতিতে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন। তিনি প্রত্যাশা করেন, বিচারকরা ও স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে যাবেন।
তিনি আরও বলেন, আমরা যে প্রতিষ্ঠানে কাজ করি, সেই প্রতিষ্ঠানকে যদি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন না করি, তবে তা একসময় ধ্বংসের পথে চলে যায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

