প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর

ট্রাইব্যুনালের বিচার ব্যাহত করতে গভীর ষড়যন্ত্র করছেন জিয়াউল আহসান

ট্রাইব্যুনালের বিচার ব্যাহত করতে গভীর ষড়যন্ত্র করছেন জিয়াউল আহসান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ ব্যাহত করতে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান গভীর ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, ট্রাইব্যুনালে হাজিরা দেওয়াকে কেন্দ্র করে নানা বাহানা দেখিয়ে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন জিয়াউল।

বিজ্ঞাপন

সোমবার (নির্ধারিত দিনে) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বর গণহত্যা মামলার শুনানি আজ সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকেই জিয়াউল ট্রাইব্যুনালে না আসার জন্য কখনো অসুস্থতার অভিনয় করছেন, আবার কখনো কর্তব্যরত পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করছেন। সকাল থেকে আমাদের রেজিস্টার অফিস ও আমাকে বারবার এসব তথ্য জানানো হচ্ছিল। অবশেষে তাকে অন্যান্য আসামির সঙ্গেই প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়েছে।

তিনি আরও বলেন, জেল কর্তৃপক্ষ আশঙ্কা করেছিল যে, জিয়াউল ওই প্রিজন ভ্যানে থাকা অন্য আসামিদের ক্ষতি করতে পারেন কিংবা কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা দুর্ঘটনা সৃষ্টির পরিকল্পনা থাকতে পারে। সে কারণেই নিরাপত্তার স্বার্থে সব আসামিকে হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়েছে। আমরা মনে করি, এর পেছনে একটি গভীর ষড়যন্ত্র চলছে এবং এই ষড়যন্ত্রের মূল হোতা (মাস্টারমাইন্ড) জিয়াউল আহসান।

আসামিদের উপস্থিতি

সোমবার শাপলা চত্বর মামলার গ্রেপ্তার হওয়া ১১ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন—তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, তৎকালীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা।

পলাতক আসামিরা

মামলায় পলাতক আসামিরা হলেন—ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, তৎকালীন বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানک, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তৎকালীন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, তৎকালীন র‍্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, তৎকালীন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপস) লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান, সাবেক অতিরিক্ত আইজিপি শেখ মুহাম্মাদ মারুফ হাসান, সাবেক অতিরিক্ত আইজিপি (এসবি) মাহবুব হোসেন, সাবেক অতিরিক্ত আইজিপি (এসবি) মনিরুল ইসলাম, তৎকালীন ডিএমপির ডিসি (সদর দপ্তর ও প্রশাসন) মো. আনোয়ার হোসেন, তৎকালীন ডিএমপির ডিসি (ট্রাফিক-দক্ষিণ) আশরাফুজ্জামান, তৎকালীন ডিএমপির এডিসি (মতিঝিল জোন) এসএম মেহেদী হাসান, সাবেক ডিআইজি হারুন-অর-রশীদ, সাবেক ডিআইজি বিপ্লব কুমার সরকার, সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, তৎকালীন ডিএমপির এডিসি (মতিঝিল বিভাগ) মো. আসাদুজ্জামান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার এসএম শিবলী নোমান এবং তৎকালীন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...