হাসিনার সাবেক উপপ্রেস সচিব-ডিসিসহ গ্রেপ্তার ৪

হাসিনার সাবেক উপপ্রেস সচিব-ডিসিসহ গ্রেপ্তার ৪
বাঁ থেকে সাবেক ডিসি মোহাম্মদ ইলিয়াস হোসেন, উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন এবং আইনজীবী সুফি মো. আল মামুন । ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন ও আয়কর আইনজীবী সুফি মো. আল মামুনকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর রাজিবের সহযোগী আল আমিনকে ককটেলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক এসব ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার দিবাগত রাত ১টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় প্রথম তিনজনকে আটক করা হয়। ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটকের পর পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিজেদের হেফাজতে নেয়। পরে তাদের মোহাম্মদপুর থানায় নেওয়া হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাত্রদলের নেতাকর্মীরা কে এম শাখাওয়াত মুনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তা যাচাই করা হচ্ছে।

শাখাওয়াত মুনকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন। ভিডিওতে দেখা যায়, আটকের পর ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ঘিরে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছেন। ডিসেম্বর মাস সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চান তারা।

জবাবে শাখাওয়াত নিজেকে বর্তমানে ‘ওএসডি’ অবস্থায় রয়েছেন বলে পরিচয় দেন। একপর্যায়ে সেখানে উপস্থিত একজন তাকে থাপ্পড় মারেন। ভিডিওতে ছাত্রদল নেতা মোতাহার হোসেনকে তার নাম জানতে এবং সরকারি আমলা হিসেবে দায়িত্ব পালনের পরও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াবেন কি না, সে প্রশ্ন করতে দেখা যায়। জবাবে শাখাওয়াত আর এমন কাজ করবেন না বলে জানান। পরে নেতাকর্মীরা তাকে কান ধরতে বললে তিনি তা করেন।

আটক তিনজনকে পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেওয়া হয়। পুলিশ তাদের মোহাম্মদপুর থানায় নিয়ে যায়।

কে এম শাখাওয়াত মুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছেন। পেশাগত জীবনে তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে তাকে পিআইবি থেকে বদলি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপপ্রেস সচিব হিসেবে সংযুক্ত করা হয়। সরকার পরিবর্তনের পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...