দি ইউনিভার্সিটি অব কুমিল্লার সনদ যাচাই ও স্থায়ী সনদ প্রদান নিয়ে হাইকোর্টের রুল

দি ইউনিভার্সিটি অব কুমিল্লার সনদ যাচাই ও স্থায়ী সনদ প্রদান নিয়ে হাইকোর্টের রুল

দি ইউনিভার্সিটি অব কুমিল্লা (ইউনিক)-এর অনুমোদিত কার্যকাল (১৯৯৫–২০০৬) সময়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ যাচাই (ভেরিফিকেশন), স্থায়ী সনদ প্রদান এবং সনদের বৈধতা নিয়ে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ঢালাও বিজ্ঞপ্তির বিষয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ ‘দি ইউনিভার্সিটি অব কুমিল্লা অ্যালামনাই ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ এবং অর্থ সম্পাদক মোহাম্মদ আবু ইউসুফ সোবহানের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করে।

বিজ্ঞাপন

রিট আবেদনে বলা হয়, ১৯৯২ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের আওতায় ১৯৯৫ সালের ৪ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লা’ (ইউনিক) কুমিল্লা ক্যাম্পাসে কার্যক্রম শুরু করে। পরবর্তী সময়ে ২০০৬ সালের ২২ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় এক এসআরও (SRO-275)-এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির সাময়িক অনুমোদন বাতিল করে। ওই বাতিল আদেশের বিরুদ্ধে দায়ের করা রিট পিটিশন নং ১৬৭১/২০১৪-এর চূড়ান্ত রায়ে (১৫ ডিসেম্বর ২০১৬) ২০০৬ সালের বন্ধের আদেশ অবৈধ ও কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে ১৯৯৫–২০০৬ সময়কালের বৈধতা সুরক্ষিত করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর ২০১৩ ও ২০১৬ সালের দাপ্তরিক পত্রেও ১৯৯৫ সালের ৪ ডিসেম্বর থেকে ২০০৬ সালের ২১ অক্টোবর পর্যন্ত অনুমোদিত প্রোগ্রাম সম্পন্নকারীদের সনদ আইনসম্মত বলে স্বীকৃতি দেওয়া হয়েছিল।

তবে বিশ্ববিদ্যালয়টি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পর সনদ যাচাই ও স্থায়ী সনদ ইস্যু করার প্রাতিষ্ঠানিক কাঠামো বা বিকল্প কর্তৃপক্ষ না থাকায় চরম ভোগান্তিতে পড়েন ওই সময়ে উত্তীর্ণ গ্র্যাজুয়েটরা। এর মধ্যে ইউজিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ২০২৪ সালের ২৮ নভেম্বর এবং ২০২৬ সালের ৬ জানুয়ারি যে বিজ্ঞপ্তি/পত্র জারি করে, তাতে ১৯৯৫–২০০৬ সময়ের বৈধ সনদধারীদের আলাদাভাবে চিহ্নিত না করায় চাকরি, পদোন্নতি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে সনদ যাচাইয়ে জটিলতা তৈরি হয় বলে আবেদনে দাবি করা হয়। এ বিষয়ে বিগত কয়েক বছর ধরে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে একাধিক আবেদন এবং লিগ্যাল/ডিমান্ড জাস্টিস নোটিশ দেওয়া হলেও কার্যকর নিষ্পত্তি না হওয়ায় অ্যালামনাই ফাউন্ডেশনের পক্ষ থেকে হাইকোর্টে রিটটি করা হয়।

রিটে যেসব নির্দেশনা চাওয়া হয়েছে

রিট আবেদনে সংবিধানের ২৭, ৩১, ৩২, ৩৬ ও ৪০ অনুচ্ছেদ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারার আলোকে তিনটি নির্দেশনা চাওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে, ১৯৯৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত অনুমোদিত প্রোগ্রাম সম্পন্নকারী শিক্ষার্থীদের সনদকে ঢালাও অকার্যকরতার বিজ্ঞপ্তির আওতামুক্ত রাখা এবং এ বিষয়ে সম্পূরক বা স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি জারি করা। পাশাপাশি সনদ যাচাই ও স্থায়ী সনদ প্রদানের জন্য বিকল্প প্রশাসনিক কাঠামো বা কর্তৃপক্ষ গঠন এবং আবেদনকারীদের আগের আবেদনগুলো নিষ্পত্তির নির্দেশনা চাওয়া হয়েছে।

বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ রিট আবেদনটি আমলে নিয়ে বিবাদীদের প্রতি রুল জারি করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...