জুলাই হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি রুহী

জুলাই হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি রুহী

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে জননী কুরিয়ার সার্ভিসের কর্মচারী রাজু আহমেদ হত্যা মামলায় নেত্রকোনা-১-এর সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মোশতাক আহমেদ রুহীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এদিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. জাহিদুল ইসলাম কবির। এর আগে গতকাল বুধবার বিকেলে তাকে রাজধানীর মোহাম্মদপুর থানার একটি বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এ মামলায় আসামির জামিন বাতিল আবেদন নামঞ্জুর করে কারাগারে আটক রাখার পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ। অপরদিকে আসামিপক্ষে মোস্তাফিজুর রহমান তালুকদার দিপুসহ অন্যান্য আইনজীবীরা তার জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে কারাগারে পাঠানোর ওই আদেশ দেন আদালত।

মামলায় অভিযোগ, ২৪-এর জুলাই আন্দোলনে মোহাম্মদপুরে জননী কুরিয়ার সার্ভিসের সামনে গুলিবিদ্ধ হন ভুক্তভোগী রাজু আহমেদ। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসারত অবস্থায় মারা যাওয়ার পরে রাজুর পিতা মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে সাবেক এই এমপিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন