চাঁদাবাজিকাণ্ডে আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদকে হত্যাচেষ্টা মামলায় জামিন দিয়েছেন আদালত।
সোমবার (১৬ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত ৫শ টাকার মুচলেকায় আগামি ধার্য তারিখ ১২ এপ্রিল পর্যন্ত তার এই জামিন মঞ্জুর করেন। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
গত ২৬ ফেব্রুয়ারি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্জন সরদার বাঁধন বাদী হয়ে রিয়াদসহ ১১ জনের নাম উল্লেখ করে রাজধানীর গুলশান থানায় হত্যাচেষ্টার মামলাটি করেন। এতে অজ্ঞাতনামা ১০/২২ জনকে আসামি করা হয়। ওইদিনই রিয়াদের সাথে একই প্রতিষ্ঠানের মো. রিয়াদুল হাওলাদার, মো. আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদারকে কারাগারে পাঠানো হয়।
পরে পুলিশ আবেদনের প্রেক্ষিতে ৫ মার্চ রিয়াদের দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়। অপর তিন আসামির রিমান্ড ও জামিন আবেদন নাকচ হয়। গত ১৩ মার্চ রিমান্ড শেষে রিয়াদকে কারাগারে পাঠানো হয়। সোমবার তারপক্ষে আইনজীবী এস. এম. জাকির হোসেন জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে জামিনের ওই দেয় আদালত। এর আগে ১২ মার্চ রিয়াদের তিন সহযোগী রিয়াদুল হাওলাদার, মো. আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদারও জামিন মঞ্জুর করেন আদালত।
মামলায় অভিযোগ, আসামিদের সাথে নির্জন ও তার বন্ধুদের পূর্ব শত্রুতা ছিল। ২৬ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩ টার দিকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির চতুর্থ তলায় ৪১২ নম্বর কক্ষে সাক্ষাৎ হলে আসামিরা তাকে (নির্জন) সমাবর্তনে অংশগ্রহনের জন্য বলেন। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আনিসুর রহমানের সঙ্গে পরামর্শ করার সময়ে রাজ্জাকের হুকুমে আসামি রিয়াদুল ও সায়েম চেয়ার দিয়ে তাকে আঘাত করেন। এতে তিনি পিঠে ও বুকে আঘাত পান।
এতে আরও অভিযোগ হয়, রাজ্জাক সুইচ গিয়ার চাকু দিয়ে নির্জনকে হত্যার উদ্দেশ্যে মুখমন্ডলে আঘাত করে। এতে তার নাকে লেগে উপরিভাগ কেটে গুরুতর জখম হয়। এসময় তাকে এলোপাথারি মারধর করা হয়। তখন তার বন্ধুবান্ধব ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটি শিক্ষকরা এগিয়ে এলে আসামিরা নির্জনকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেয়।
পরে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে নিয়ে যায়। এর আগে গত বছরের ২৬ জুলাই গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির মামলা গ্রেফতার হয়েছিলেন রিয়াদ। ওই মামলায় জামিনে কারামুক্ত হয়ে হত্যাচেষ্টা মামলায় জড়ালেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

