রাজধানীর পল্লবীতে দুটি শিশু পার্ক উদ্ধারে সিটি কর্পোরেশনকে নিদের্শ হাইকোর্ট। বুধবার মিরপুরের বিশিষ্ট সমাজকর্মী আমিনুল কবির উজ্জ্বল, নওশাদ আল আজাদ টুটুল, বিহারী নেতা মোহাম্মদ জাহিদ সহ এলাকাবাসীর রিট মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এক আদেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ড ভুক্ত মিরপুর ১০ এর এ ব্লকস্থ দুটি শিশু পার্ক ভূমিদস্যুদের দখল হতে উদ্ধারের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসককে নির্দেশ দিয়েছে।
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফ এর দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। রিট বাদীদের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আব্দুস সাত্তার।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি মিরপুর এলাকাবাসী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের নিকট দুটি শিশু পার্ক অবৈধ দখল হতে উচ্ছেদের জন্য আবেদন করেন। এলাকাবাসী তাদের আবেদনে এ ব্লকের সড়ক উন্নয়নে বাধা প্রদানকারী লেন ১৯ এর দুটি বাড়ির অবৈধ দখল অপসারণ এর দাবি তোলেন কিন্তু সিটি কর্পোরেশন কর্ণপাত না করায় তারা হাইকোর্টের রিট করেছেন। ভূমিদস্যুদের হাত হতে খেলার মাঠ, রাস্তা, শিশু পার্ক উদ্ধারের জন্য গত ২৬ ফেব্রুয়ারি তিন এলাকাবাসী মিরপুরের বেনারসি পল্লীতে সমাবেশ ও মিছিল করেছেন যার সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়।
মহামান্য হাইকোর্ট এলাকাবাসীর আবেদনটি ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে নির্দেশ দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

