সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার ঢাকাসহ সারাদেশের বিভিন্ন আদালতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এবং ঢাকা জর্জ কোর্ট আদালত এলাকায়ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক দেশের গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংসের মূল কারিগর। তাকে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে। খায়রুল হকের কঠোর বিচার নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে তার মতো কোনো বিচারপতি তৈরি না হয়। তার বিচারের দাবিতে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত বিক্ষোভ মিছিল ও আইনজীবী সমাবেশ করে।
অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি ঢাকা মহানগর দায়রা জজ, ঢাকা জেলা ও দায়রা জজ, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ঘুরে একই জায়গায় এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে আইনজীবীরা খায়রুল হকের গ্রেপ্তার দাবি করেন।
ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহ সাধারণ সম্পাদক জহিরুল হাসান মুকুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আহ্বায়ক খোরশেদ আলম, সদস্য সচিব নিহার হোসেন ফারুক, ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ইকবাল হোসেন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

