জুলাই বিপ্লবে গণহত্যায় অভিযুক্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী-এমপি, পুলিশ কর্মকর্তা ও ঘনিষ্ঠজনসহ ৩ জনকে পৃথক মামলায় বিভিন্ন মেয়াদ রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন ঢাকার আদালত। এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৯ আসামিকে রাজধানীর বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।
বুধবার সকালে সাভার মডেল থানার আব্দুল কাইয়ুম হত্যা মামলায় সাবেক দূর্যোগ ও ত্রান প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালত।
এদিন আদালতে শুনানি করেন ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ইকবাল হোসেন। তিনি বলেন, চিকিৎসক এনামকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এসময় রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। শুনানি শেষে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এছাড়া আশুলিয়া থানার পৃথক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিবিয়োগ বিষয়ক উপদেষ্ঠা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, পুলিশ কর্মকর্তা চৌধুরী আব্দুল আল মামুন এবং ধীরেন্দ্র নাথ শম্ভুকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।
এদিকে রাজধানীর ধানমন্ডি ও যাত্রাবাড়ি থানার পৃথক দুই মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের ১০ দিনের এবং রাজধানীর ধানমন্ডি থানার মামলায় সাবকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদ্দাসের খান জ্যোতিকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত।
এদিন আদালতে শুনানি করেন ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। তিনি বলেন, পৃথক দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে ২০ দিন এবং শাফি মোদ্দাসের খান জ্যোতির ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। এসময় রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানায় আসামি পক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে জ্যোতির ৭ দিন এবং নজরুল ইসলামকে পৃথক দুই মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনি আরো বলেন, এছাড়া এদিন রাজধানীর বিভিন্ন থানার মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ব্যবসায়ী দিলীপ কুমার আগারওয়াল ও আবুল হাসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগার পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

