প্রিজন ভ্যান দুর্ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক আহত

স্টাফ রিপোর্টার

প্রিজন ভ্যান দুর্ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক আহত
ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদপুর থানার ট্রাকচালক হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি করতে আজ আদালতে আনা হয় সাবেক মন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। তবে আসামিপক্ষ সময়ের আবেদন করায় পিছিয়ে যায় অভিযোগ গঠনের শুানানি।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালত অভিযোগ গঠনের শুানানি পিছিয়ে আগামী ২১ মে দিন ধার্য করেন। এর আগে এ মামলার আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক এমপি সাদেক খানকে আদালতে হাজির করা হয়।

আদালত থেকে নামানোর সময় পলক তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির কাছে অভিযোগ করে বলেন, প্রিজন ভ্যানে দুর্ঘটনার শিকার হয়েছেন। চিকিৎসাসেবা পেতে বিষয়টি আদালতের নজরে আনতে আইনজীবীকে আবেদন করার কথা বলেন তিনি।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মো. হোসেন । তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। চাঁদ উদ্যান এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহত ব্যক্তির মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন