দুর্নীতির অভিযোগ থাকায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের ১২০টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। অবরুদ্ধ করা একাউন্টের মধ্যে ১১৪টি ব্যাংক হিসেবে ৪৩ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ৪৭০ টাকা রয়েছে। বাকি ৬টি ডলার অ্যাকাউন্টে ২৪ হাজার ৭৯০ ডলার আছে।
বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. মশিউর রহমান এসব ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। এতে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবার এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশন, সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ডের নয় সদস্যের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ৩৯টি ব্যাংক হিসাব এরইমধ্যে ফ্রিজ করা হয়েছে। এরপর বিএফআইইউ'র ফ্রিজ করা ব্যাংক হিসাবগুলোর তথ্য পাওয়া গেছে। এসব ব্যাংক হিসাব ও ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে। তাই অনুসন্ধানের স্বার্থে সাইফুজ্জামান ও তার পরিবারের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

