হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক আওয়ামীপন্থি প্রধান বিচারপতি খায়রুল হককে অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। সর্বশেষ মামলায় জামিন হওয়ায় তার মুক্তিতে বাধা নেই বলে দাবি করেছেন আইনজীবীরা।
একই সঙ্গে এই মামলায় কেন তাকে নিয়মিত জামিন দেওয়া হবে না, জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ থেকে এই জামিন হয়। আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মনসুরুল হক চৌধুরী ও মোতাহার হোসেন সাজু, আইনজীবী মোনায়েম নবী শাহীন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
এ নিয়ে খায়রুল হকের বিরুদ্ধে থাকা সবগুলো মামলায় জামিন হওয়ায় তার কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা থাকল না বলে জানিয়েছেন তার আইনজীবী মোতাহার হোসেন সাজু।
জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৫ সালের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা। ওইদিন রাতেই তাকে যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


