আন্তর্জাতিক আইন অনুযায়ী এটিএম আজহারের বিচার হয়নি

আন্তর্জাতিক আইন অনুযায়ী এটিএম আজহারের বিচার হয়নি

মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের রিভিউ শুনানি মঙ্গলবার শুরু হয়েছে । বুধবার ফের শুনানি হবে।

আদালত জানিয়েছেন, বুধবার আপিল বিভাগের কার্যতালিকায় এটিএম আজহারের শুনানি টপ লিস্টে থাকবে।

বিজ্ঞাপন

শুনানি শেষে আসামি পক্ষের আইনজীবী শিশির মোহাম্মদ মনির বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী এটিএম আজহারের বিচার করা হয়নি। আদালতের আইন এখানে প্রযোজ্য হবে না—এই কথা বলে রায়টি দেওয়া হয়েছিল।

এটিএম আজহারুল ইসলাম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদসহ সকলের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের প্রথাগত বিধান প্রযোজ্য নয় মর্মে যে রায় দিয়েছে, একটি ফাইন্ডিং দিয়ে মানুষগুলোকে দণ্ড দিয়ে তা কার্যকর করা হলো—আজকে যদি সেই রায়গুলো এই পয়েন্টে রিভিউ হয়, তাহলে আন্তর্জাতিক আইনের প্রয়োগ না করার কারণে যে অবিচার হয়েছে, সেটি নতুন করে আবার প্রমাণিত হবে। আন্তর্জাতিক আইনকে প্রয়োগ না করে অভ্যন্তরীণ আইনের নামে তাদের বিরুদ্ধে অবিচার করা হয়েছে বলেও উল্লেখ করেন শিশির মনির।

শিশির মনির বলেন, আজকে কথোপকথনের এক পর্যায়ে আদালত সন্তুষ্ট হয়ে এডিশনাল গ্রাউন্ড চেয়েছে। কোন কোন গ্রাউন্ডে রিভিউ করা হবে। তার জন্য আমরা সাতটি গ্রাউন্ড আগে তৈরি করেছিলাম। সেই গ্রাউন্ডের কপি আজ আদালতে জমা দেওয়া হয়েছে। এই গ্রাউন্ডে জামিন হবে কি হবে না তার শুনানি হবে আগামীকাল। শুনানি শেষে আদালত পরবর্তী আদেশ দেবেন।

তিনি বলেন, মূলত তৎকালীন আদালত আজহারকে তিনটি ঘটনায় মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল। ওই মামলায় আরেকজন বিচারপতি ভিন্নমত পোষণ করে ওনাকে খালাস দিয়েছেন। এই বিষয়গুলো এই রিভিউ আবেদনে উঠে এসেছে।

আদালতে আজহারের পক্ষে শুনানি করেন আইনজীবী এহসান আবদুল্লাহ সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, আইনজীবী মোহাম্মদ শিশির মনির, নাজিব মোমেন, এসএম কামাল হোসেন, আব্দুর রাজ্জাক, জসিম উদ্দিন সরকার, ড. মুহাম্মাদ হেলাল উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, বিগত হাসিনা সরকারের সময় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর তৎকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের রায় দেন।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন