মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিষয়ে পুনরায় লিভ টু আপিল শুনানির জন্য অনুমোদন দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ সংক্রান্ত বিষয়ে আগামী ২২ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির পরবর্তী দিন ঠিক করেছেন সর্বোচ্চ আদালত।
রিভিউ আবেদনের শুনানিতে বুধবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ সংক্রান্ত বিষয়ে আদেশ দেন।
এর আগে, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আবেদন প্রথম দিন আংশিক শুনানি নিয়ে দ্বিতীয় দিনের মতো শুনানির জন্য আজকের দিন নির্ধাারণ ছিল। গতকাল মঙ্গলবার এ দিন ঠিক করেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
গত ২৩ জানুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনানির জন্য ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করে। ওইদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় ৯ নম্বর ক্রমিকে ছিল। তবে ক্রম অনুসারে এর আগে থাকা মামলা শুনানি-নিষ্পত্তির মধ্য দিয়ে আদালতের কর্মঘণ্টা শেষ হওয়ায় সেদিন রিভিউ আবেদনের শুনানি হয়নি।
উল্লেখ্য, ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেছিলেন এটিএম আজহারুল ইসলাম। ২৩ পৃষ্ঠার পুনর্বিবেচনার এ আবেদনে মোট ১৪টি যুক্তি উপস্থাপন করা হয়।
২০১৪ সালের ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ আমলে এটিএম আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন আজহারুল। আপিল শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ। ২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছিল।
এটিএম আজহারুলের রিভিউয়ের দ্বিতীয় দিনের শুনানি রিভিউ আবেদনের শুনানিতে আজহারের পক্ষে শুনানি করেছেন আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। তাকে সহযোগিতা করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার নাজিব মোমেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

