জলবায়ু ও পরিবেশ গবেষক ডা. রোকনুজ্জামানকে হত্যার হুমকি, থানায় জিডি

জলবায়ু ও পরিবেশ গবেষক ডা. রোকনুজ্জামানকে হত্যার হুমকি, থানায় জিডি

জলবায়ু ও পরিবেশ গবেষক ডা. মো. রোকনুজ্জামানকে প্রাণনাশের হুমকি দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার দেবহাটায়। এ ঘটনায় ডা. রোকনুজ্জামান দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৫৪৭) করেছেন।

বিজ্ঞাপন

জিডিতে বলা হয়, গত ১০ জুন বিকেল সাড়ে ৪টার দিকে তার বাড়ির সামনে একটি সাদা খামে রাখা হুমকিসূচক চিরকুট ফেলে রেখে যায় এক অজ্ঞাত ব্যক্তি। চিরকুটে লেখা ছিল: ‘জলবায়ু নিয়ে লেখালেখি বন্ধ করো। না করলে মৃত্যুর চেয়েও ভয়ংকর পরিণতি হবে।’

ডা. রোকনুজ্জামান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিভিএম প্রোগ্রামের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী। একইসঙ্গে তিনি Amnesty International, EarthDay.Org ও Red Crescent Society–এর সক্রিয় সদস্য এবং দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। সম্প্রতি তিনি থাইল্যান্ডের Maha Sarakham University-এর আমন্ত্রণে একাডেমিক সফর শেষে দেশে ফেরেন।

চলতি বছরের ১১ ফেব্রুয়ারি জাতীয় দৈনিক Daily Sun-এ তার লেখা ‘Climate Change and Biodiversity: A Growing Global Concern’ শীর্ষক প্রবন্ধ প্রকাশিত হয়। সেখানে শিল্পায়ন, পরিবেশ ধ্বংস এবং রাজনৈতিক নিষ্ক্রিয়তা নিয়ে সরাসরি কথা বলায় তিনি ধারাবাহিকভাবে হুমকির শিকার হয়ে আসছেন—ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডাকযোগে।

ডা. রোকনুজ্জামানের বড় ভাই সরদার হাসান ইলিয়াস তানিম একজন মানবাধিকারকর্মী ও সাংবাদিক, যিনি ২০১১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলার শিকার হন। ওই ঘটনার মামলা ২০২৪ সালের ডিসেম্বর এ মামলা দায়ের করেন, যেখানে রাবির সাবেক প্রোভিসি ও ছাত্রলীগের প্রভাবশালী ৯ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। এ মামলার পরপরই পরিবারটি নতুন করে হুমকি পেতে থাকে।

তানিম ২০২৩ সালে শেখ হাসিনার শাসনামলে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার রোষানলে পড়ে দেশ ত্যাগে বাধ্য হন।

এর আগে ২০১৩ সালে রোকনুজ্জামানের আরেক ভাই মাসুম বিল্লাহ ‘ক্রসফায়ারের’ শিকার হন এবং ২০২৪ সালে ‘জুলাই বিপ্লব’-এর সময় রোকনুজ্জামানকেও যৌথ বাহিনী গ্রেপ্তার করে।

দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত চলছে। ডায়েরির ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন