ঘুষ লেনদেনের মামলায় তারেক রহমানসহ ৮ জন খালাস

ঘুষ লেনদেনের মামলায় তারেক রহমানসহ ৮ জন খালাস

এক এগারোর সরকারে সময় খুন হয় বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির। এই হত্যা মামলার এক আসামিকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আটজনকে খালাস দিয়েছে আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো. আবু তাহেরের আদালত এ রায় ঘোষণা করেন।

রায়ে খালাস পাওয়া আসামিরা হলেন— বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম ও তার দুই ছেলে সাফিয়াত সোবহান এবং সাদাত সোবহান, আবু সুফিয়ান, কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, তারেক রহমানের সাবেক একান্ত সহকারি সচিব (এপিএস) মিয়া নুরুদ্দিন অপু।

আসামিপক্ষের আইনজীবী মো. বোরহান উদ্দিন খালাসের তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এই মামলার সাক্ষীরা কেউ আট আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেয়নি। মামলাটি ছিল পুরো বানোয়াট। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তারেক রহমানসহ সবাইকে খালাস দিয়েছেন।

তিনি আরো বলেন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় তৎকালীন দুদকের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হবে। একই সাথে ক্ষতিপূরণও চাওয়া হবে।

এদিন রায়ের আগে আদালতে হাজির হন দুই আসামি আবু সুফিয়ান ও কাজী সলিমুল হক কামাল। তবে জামিনে থাকা অপর আসামিদের পক্ষে সময় আবেদন করা হয়।

২০০৭ সালের ৪ অক্টোবর মামলাটি দায়ের করে দুদক। মামলাটিতে ২০০৮ সালের ২৪ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ওই বছরের ১৪ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

আদালত সূত্রে জানা যায়, সাব্বির হত্যা মামলার ঘটনা ধামাচাপা দিতে তারেক রহমান, বাবর ও শাহ আলমের মধ্যে বাবরের বেইলি রোডের সরকারি বাসায় একটি বৈঠক হয়। বৈঠকে শাহ আলমের কাছে ১০০ কোটি টাকা দাবি করেন তারেক ও বাবর। ৫০ কোটি টাকার বিনিময়ে এ হত্যা রহস্য ধামাচাপা দেওয়ার জন্য তারেক ও বাবরের সঙ্গে শাহ আলমের চুক্তি হয়। চুক্তি অনুসারে শাহ আলমের কাছ থেকে বাবর ২১ কোটি টাকা গ্রহণ করেন। এ টাকার মধ্যে বাবরের নির্দেশে বসুন্ধরা গ্রুপের পরিচালক আবু সুফিয়ান ২০০৬ সালের ২০ আগস্ট হাওয়া ভবনে ১ কোটি টাকা তারেকের পিএস অপুকে বুঝিয়ে দেন। বাবর ৫ কোটি টাকা আবু সুফিয়ানের মাধ্যমে নগদ গ্রহণ করে কাজী সালিমুল হক কামালের কাছে জমা রাখেন। বাকি ১৫ কোটি টাকা বাবরের নির্দেশে আবু সুফিয়ান প্রাইম ব্যাংকের বিভিন্ন শাখায় সালিমুল হক কামালকে ২০টি চেকের মাধ্যমে দেয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন