জেমকন গ্রুপের পরিচালক ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা

জেমকন গ্রুপের পরিচালক ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা

প্রায় ১১৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১২৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে জেমকন গ্রুপের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আনিস আহমেদ এবং তার ভাই কাজী ইনাম আহমেদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুদক।

দুদক জানায়, কাজী আনিস আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৮০ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ৮৯৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া তার নিজ নামে ২০টি ব্যাংক হিসাবে মোট ৭৯ কোটি ১৪ লাখ ৪৭ হাজার ৯৫৬ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। দুদক জানায়, দীর্ঘ অনুসন্ধান শেষে দুদক তাদের বিরুদ্ধে মামলা করলো।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি জানান, দুই আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

দুদক জানায়, কাজী আনিস আহমেদ ২০০২ সালের ২৩ ডিসেম্বর থেকে ২০২২ সালের ২৬ অক্টোবরের মধ্যে তার নামে থাকা ২০টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৪০ কোটি ৬৯ লাখ ১৭ হাজার ৬৫১ টাকা জমা এবং ৩৮ কোটি ৪৫ লাখ ৩০ হাজার ৩০৪ টাকা উত্তোলন করেছেন। যার মধ্যে মোট ৭৯ কোটি ১৪ লাখ ৪৭ হাজার ৯৫৬ টাকার লেনদেনকেই সন্দেহজনক বলে মনে করছে দুদক।

সূত্র জানায়, জেমকনের আরেক পরিচালক কাজী ইনাম আহমেদের বিরুদ্ধেও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩২ কোটি ৬৬ লাখ ১৬ হাজার ২৪৪ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার প্রমাণ পেয়েছে দুদক।

সূত্র আরও জানায়, কাজী ইনাম আহমেদ ২০০২ সালের ২৩ ডিসেম্বর থেকে ২০২২ সালের ২৬ অক্টোবরের মধ্যে ১৪টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৩৭ কোটি ৯২ লাখ ৭০ হাজার ৫৮৩ টাকা জমা এবং ৩৬ কোটি ৮৬ লাখ ৭ হাজার ৫৪৩ টাকা উত্তোলন করেছেন। লেনদেন হওয়া মোট ৭৪ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ১২৭ টাকাই সন্দেহজনক বলে মনে করছে দুদক।

জেমকনের গ্রুপের অধীনে একাধিক প্রতিষ্ঠান রয়েছে। এই গ্রুপের প্রতিষ্ঠাতা হচ্ছেন, প্রয়াত কাজী শাহেদ আহমেদ। কাজী আনিস ও কাজী ইনাম সম্পর্কে দুই ভাই।

কাজী নাবিল হচ্ছে কাজী শাহেদের বড় ছেলে। তার বিরুদ্ধেও আগে মামলা হয়েছে। কাজী নাবিল বর্তমানে আমেরিকায় রয়েছে বলে জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...