হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া হত্যা মামলায় কথিত ভাবি রুপা বেগম ওরফে জান্নাত ও ভাতিজা নাজিম হোসেন আদালতে দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
বুধবার মামলার তদন্ত কর্মকর্তা উত্তরখান থানার সাব-ইন্সপেক্টর জাহিদুল হাসান তাদের আদালতে হাজির করেন। এদিন আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফা জেরিনের আদালত রুপার জবানবন্দি রেকর্ড করেন। একই সাথে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত তাদের জবানবন্দি দেন ভাতিজা নাজিম। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।
রাজধানীর উত্তরখান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক বখতিয়ার উদ্দিন এতথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল মঙ্গলবার ফরিদপুর থেকে তাদের দু'জনকে গ্রেপ্তার করা হয়।
১০ মার্চ রাজধানীর উত্তরার উত্তরখানে পুরানপাড়ার এলাকার ভাড়া বাসার চতুর্থ তলার ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে। দুর্বৃত্তরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাইফুর রহমান ভূঁইয়া নিহতের ঘটনায় তার ভাই মোহাম্মদ লুৎফুর রহমান ভূঁইয়া অজ্ঞাতনামাদের আসামি করে ১১ মার্চ সোমবার মামলা দায়ের করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

