জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর শাহবাগে জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই দিনে যাত্রাবাড়ি থানায় সাজেদুর রহমান ওমর নিহতের মামলায় সাবেক ওসি আবুল হাসানকে এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানার এক হত্যাচেষ্টা মামলায় ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগ নেত্রী শামীমা আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত পৃথক এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক আসামি রাশেদ খান মেননের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। একই সাথে সাবেক ওসি আবুল হাসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন পিবিআই। এ ছাড়া শামীমা আক্তারকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। শুনানি শেষে প্রথমে আদালত দুই আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর রাশেদ খান মেননের রিমান্ডের বিষয়ে শুনানি হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক (দিদার) রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। রাশেদ খান মেননের পক্ষে তার আইনজীবী তানভীর আহমেদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক (দিদার) এসব তথ্য নিশ্চিত করেন।
মনির হত্যা মামলার অভিযোগ থেকে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট শাহবাগ থানাধীন চানখারপুল এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী গত ১৪ মার্চ শাহবাগ হত্যা মামলা করেন।
অপরদিকে সাজেদুর রহমান ওমর হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২১ জুলাই দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ি থানাধীন কাজলা ফুটওভার ব্রিজের নিচে ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন সাজেদুর রহমান ওমর। বিকেলে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট মারা যান তিনি। এ ঘটনায় ৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় সৈয়দ তানভীর আহমেদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

