চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী আলী আকবর, যিনি ‘ঢাকাইয়া আকবর’ নামে পরিচিত, তার হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দু’আসামি ওসমান আলী সেগুন (৩৪) ও তার ভাগ্নে মো. আলভিনকে (৩০) তিন দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছে আদালত।
রোববার দুপুরে চট্টগ্রাম মহানগরের ৫ম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জিনিয়ার আদালতে রিমান্ডের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. রহমত জানান, আসামিদের পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়েছিল। তবে আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৩ মে রাত ৯টার দিকে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন আলী আকবর। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। পরদিন ২৪ মে সকালে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত আকবরের স্ত্রী রুপালী বেগম ২৪ মে পতেঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়। এরপর র্যাব-৭ ও পতেঙ্গা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে সেগুন ও আলভিনকে গ্রেপ্তার করে।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

