সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

দেশের মাটিকে নিরাপদ করতে জিয়াউলের চরম শাস্তি হওয়া জরুরি

দেশের মাটিকে নিরাপদ করতে জিয়াউলের চরম শাস্তি হওয়া জরুরি

তৎকালীন শেখ হাসিনার আশকারা পেয়ে জিয়াউল আহসান ভয়ংকর সিরিয়াল কিলারে পরিণত হয়েছিলেন। এ রকম সিরিয়াল কিলার বাংলাদেশের ইতিহাসে অতীতে কখনো আসেনি, ভবিষ্যতেও হয়তো আসবে না। দেশের মাটিকে নিরাপদ করতে জিয়াউলের চরম শাস্তি হওয়া জরুরি।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

বিজ্ঞাপন

তাজুল ইসলাম বলেন, জিয়াউল রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্রের মতো সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়ে গিয়েছিলেন। তিনি প্রথমে র‍্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের একজন ডিরেক্টর হিসেবে ঢোকেন। পরবর্তী সময়ে এডিজি অপস হওয়া সত্ত্বেও তিনি র‍্যাবের সর্বময় কর্তৃত্বের অধিকারী ছিলেন। এটা তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দির মধ্য দিয়েও ফুটে উঠেছে যে, তিনি রাষ্ট্রপ্রধানের পরে তারেক সিদ্দিকী এবং তারপরে সেনাবাহিনীর মধ্যে একটি অঘোষিত সুপারস্ট্রাকচার তৈরি করেছিলেন। তার ভয়ে অন্যরা কোনো কিছু করতে পারতেন না।

জিয়াউল আহসানের কোনো অপরাধের সঙ্গে প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীকে জড়িত করার ন্যূনতম সুযোগ নেই উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, জিয়াউলের অপরাধের দায় তার নিজের। এই অপরাধের কমান্ড রেসপনসিবিলিটি শেখ হাসিনা এবং তারেক সিদ্দিকীর। তিনি যে অপরাধগুলো করেছেন, সেগুলোর কোনোটিই সেনাবাহিনীর কমান্ডে থেকে নয়। সুতরাং জিয়াউল আহসানের কোনো অপরাধের সঙ্গে প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীকে জড়িত করার ন্যূনতম সুযোগও নেই। বরং সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার বক্তব্য থেকে বারবার এটি সুপ্রতিষ্ঠিত হয়েছে যে, সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন, বাধা হয়ে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী এবং তারেক সিদ্দিকী।

সাবেক এই চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল কমান্ডো নাইফ নিয়ে পেছন থেকে জীবন্ত মানুষটিকে বলতেন, এই দাঁড়াও। এরপর বুক থেকে কমান্ডো নাইফ দিয়ে পেট পর্যন্ত চিরে দিতেন। জীবন্ত মানুষের পেট থেকে নাড়িভুঁড়ি পড়ে যেত। তারপর স্টিলের চামচের মতো বড় একটি বেলচা দিয়ে ইউরিয়া সার পেটে ঢুকিয়ে দিয়ে পানিতে ফেলে দিতেন, যাতে লাশটি দ্রুত গলে যায়। তিনি নিজে এসব কাজ করতেন। আবার অন্যদের দিয়ে যখন করাতেন, তখন বলতেন, দেখো তো পেটের মধ্যে ঠিকমতো হাত ঢুকিয়ে দেখো, হাত পুরোটা ঢুকছে কি না। অপরাধের ফিরিস্তি যখন তাঁর সামনে শোনানো হচ্ছে, তিনি মিটিমিটি হেসে এটাই প্রমাণ করছেন যে, এসব অপরাধ করেও তাঁর অপরাধের নেশা কাটেনি এবং সেগুলোকে অপরাধ মনে করেন না। একজন অপরাধী যখন অপরাধের সব ডিগ্রি অতিক্রম করে যান, তখন তিনি সুপারহিউম্যানে পরিণত হন। সুতরাং জিয়াউল আহসানের এই অভিব্যক্তিগুলো প্রমাণ করে যে, তিনি কোন স্তরের অপরাধী।

তিনি বলেন, দেশের মাটিতে এ রকম সিরিয়াল কিলার—রাষ্ট্রযন্ত্রের আশকারা পেয়ে, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশকারা পেয়ে—যে ধরনের মানবতাবিরোধী অপরাধ করেছেন, যত মানুষকে হত্যা করেছেন, যেভাবে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দিয়েছেন, এ রকম সিরিয়াল কিলার বাংলাদেশের ইতিহাসে অতীতে কখনো আসেননি, ভবিষ্যতেও হয়তো আর কখনো আসবেন না। তাঁর বিচার ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এই মাটিকে নিরাপদ করার জন্য তাঁর চরম শাস্তি হওয়া জরুরি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...