আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাহমুদুর রহমান হত্যাচেষ্টা মামলার আসামি কারাগারে

দেলোয়ার মানিক, কুষ্টিয়া

মাহমুদুর রহমান হত্যাচেষ্টা মামলার আসামি কারাগারে

আমার দেশ পত্রিকার সম্পাদক ড.মাহমুদুর রহমানকে কুষ্টিয়ার আদালত চত্বরে হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামী অ্যাডভোকেট ইমরান হোসেন দোলনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি ওই মামলার এজাহারভুক্ত ৩৮ নম্বর আসামি। সোমবার দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ছুমিয়া খানম এই আদেশ দেন।

বিজ্ঞাপন

সোমবার সন্ধ্যায় আমার দেশকে এতথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া আদালতের স্পেশাল পিপি এ্যাড. শামীম উল হাসান অপু । তিনি জানান, আমার দেশ সম্পাদককে হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামী অ্যাডভোকেট ইমরান হোসেন দোলন হাই কোর্ট থেকে অন্তবর্তীকালীন জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষে সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে, বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২২ জুলাই আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামের মৃত জামিল হোসেন বাচ্চুর ছেলে ইয়াসির আরাফাত তুষারের দায়ের করা একটি মানহানি মামলার বিবাদী হিসেবে কুষ্টিয়ার আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় এজাহার নামীয়দের নির্দেশে বাদীকে দিনভর আদালত ভবনে অবরুদ্ধ করে রাখা হয়। পরে বিকাল সাড়ে ৪টার দিকে আদালত চত্বরেই তাঁর (আমার দেশ সম্পাদক) ওপর সশস্ত্র সন্ত্রাসীরা হামলা করে এবং ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করে।

এ ঘটনার ছয় বছর পর (ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর) গত বছর ১০ অক্টোবর মজলুম সম্পাদক ড. মাহমুদুর রহমান বাদী হয়ে, ভারতে পলাতক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, ফাসিস্টের সহযোগী সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, কুষ্টিয়ার পুলিশ সুপার মেহেদী হাসান ও কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিনসহ ৪৭ জনের নামোল্লেখ এবং অজ্ঞাত আরও ২০-৩০ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা চেষ্টার অভিযোগ দেন।

এজাহারে আরো বলা হয়েছে, কুষ্টিয়া আদালতের দায়িত্বরত কোর্ট ইন্সপেক্টর মনিরুজ্জামান বাদীকে পুলিশী প্রটেকশন দেওয়ার আশ্বাস দেন এবং যশোর বিমান-বন্দরে পৌছাইয়া দেওয়ার জন্য একটি প্রাইভেট কার ভাড়া করার কথা জানান। তার আশ্বাসের প্রেক্ষিতে বাদী (আমারদেশ সম্পাদক) আদালত এজলাস কক্ষ হতে বের হয়ে, তাঁর দুই সফর সঙ্গী সহ একটি সাদা রঙের প্রাইভেট কারে বসেন। গাড়ীতে বসার ২/১ মিনিটের মধ্যেই ১১ হইতে ৪৭ নং আসামিগণ সহ আরও ১৫/২০ জন অজ্ঞাতনামা আসামী মারাত্মক অস্ত্র, রড, লাঠি-সোটা ও ইট-পাথর দিয়া উক্ত গাড়ীর সকল কাঁচ ভেঙ্গে ফেলে এবং লাঠি ও পাথর দিয়া আমারদেশ সম্পাদককে উপর্যুপরি আঘাত করে। রক্তাক্ত জখম করে। হত্যাচেষ্টার অভিযোগে দেয়া এজাহারটি কুষ্টিয়া মডেল থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয়। শুরুতে মামলাটির তদন্তভার দেয়া হয় কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহেরকে। পরে কুষ্টিয়া মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক সাইমুম হাসানকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন