শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা এবং কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেছে পুলিশ।
এক দিনের রিমান্ড শেষে রোববার তাকে ঢাকার মেট্রোপলিটন আদালতে হাজির করে এ আবেদন করা হয়। এর আগে শনিবার একই মামলায় তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম এ আবেদন করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে আবেদনের ওপর শুনানির প্রস্তুতি চলছে।
এদিকে আখতারুজ্জামানের পক্ষে তার আইনজীবীরা জামিনের আবেদন করেছেন। তারা আদালতের এজলাসে অবস্থান করছেন।
মামলাটি করা হয় গত বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার জেরে। মামলার এজাহারে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে আখতারুজ্জামানের বাগ্বিতণ্ডা ও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।
এছাড়া সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণে বাধা দেওয়ায় এক নিরাপত্তাকর্মীর সঙ্গে অসদাচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা, জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও রয়েছে এজাহারে।
শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে বিমানবন্দর থানার ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


