সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে কেন জামিন দেওয়া হবে না মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রাজধানীর খিলগাঁও ও আদাবর থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলায় এ রুল জারি করা হয়।
বুধবার (২১মে) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী দুই সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্ট পক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম লিটন আহমেদ। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও ব্যারিস্টার খুররম শাহ মুরাদ।
এর আগে গত বছরের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়ার কিছু সময় আগে ২১ অক্টোবর দিনগত রাত সোয়া ১টার দিকে নিজের ফেসবুক ভেরিফায়েড আইডি থেকে একটি পোস্ট দেন ব্যারিস্টার সুমন। এতে তিনি লেখেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই। ’
সাবেক স্বতন্ত্র এই সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা হয়। এর মধ্যে হাইকোর্টে আদাবর ও খিলগাঁও থানার মামলায় জামিন চেয়ে আবেদন করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

