গৃহকর্মীর 'অবহেলাজনিত মৃত্যু'র অভিযোগে করা মামলায় ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়ে আগামী ২ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।
বুধবার (২২ জুলাই) দুপুরে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর হোসেনের আদালতে আসামিপক্ষের আইনজীবীর সময় আবেদনের প্রেক্ষিতে এ দিন নির্ধারণ করেন।
এদিন মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ছিল। আসামিপক্ষের আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার অভিযোগ গঠন বিষয়ে শুনানি পেছাতে আবেদন করেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী এ এস এম শাহাদাৎ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় আসামিপক্ষ সময় আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত।
মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনের নবম তলা থেকে পড়ে প্রীতি উরাং নামে এক কিশোরী গৃহকর্মীর মৃত্যু হয়। প্রীতি উরাং নামের ১৫ বছরের ওই কিশোরী ভবনটির বাসিন্দা ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজ করতেন। তার বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিত্তিঙ্গা গ্রামে।
এ ঘটনায় মৃত গৃহকর্মী প্রীতির বাবা লুকেশ উরাং সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় অবহেলা জনিত মৃত্যুর অভিযোগে দণ্ডবিধির ৩০৪ (ক) ধরায় অভিযোগ আনা হয়েছে।
এ মামলায় তদন্ত শেষে গত ৩১ মার্চ ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের উপ-পরিদর্শক এস এম মাহমুদ রেজা দুই জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় গত ১৬ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। এ মামলায় আশফাকুল হক ও তানিয়া খন্দকার চার মাস কারাভোগ করে উচ্চ আদালত থেকে জামিন রয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

