এক যুগ আগে ঢাকার সাভারে জাহিদ হোসেন নামে এক ব্যক্তিকে খুনের দায়ে তিন আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- কাজী আহসান তাকবীর, মো. কাজল ও লাল চাঁন।
বৃহস্পতিবার ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসরাত জাহান মুন্নির আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন আদালত। আসামি কাজল কারাগারে থাকলেও অপর দুই আসামি পলাতক রয়েছেন। পলাতক দুই আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২০১৩ সালের ১৭ জুলাই আসামি লাল চাঁন জাহিদকে বাড়ি থেকে ডেকে নেন। এরপর আসামিরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ঘটনায় জাহিদের বাবা আনোয়ার হোসেন একটি হত্যা মামলা করেন। পরে ২০১৫ সালের ৩০ আগস্ট তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ২০১৬ সালের ২ মার্চ আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। বিচার চলাকালে ১৬ জন সাক্ষীর মধ্যে ১৫ জন আদালতে সাক্ষ্য দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

