আমার দেশকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে হাইকোর্টের রুল

আমার দেশকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে হাইকোর্টের রুল

আওয়ামী লীগ সরকারের সীমাহীন রোষানলের শিকার হয়ে দৈনিক আমার দেশ পত্রিকা জোর করে বন্ধ করে দেওয়াকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এ মর্মে কারণ দর্শানোর জন্য রুলনিশি জারি করেছেন হাইকোর্ট। একই আদেশে কেন আমার দেশ পাবলিকেশন কোম্পানিকে এর জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়া হবে না’ সে বিষয়ে কারণ দর্শানোর জন্য সরকারের প্রতি নির্দেশনা জারি করা হয়েছে।

বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রোববার এ আদেশ দেন। আমার দেশ’র পক্ষে হাইকোর্টে শুনানি করেন ব্যারিস্টার তানভীর আহমেদ আল-আমিন। এরআগে আমার দেশ পাবলিকেশন কো. লি. এর পক্ষে এ সংক্রান্ত রিট পিটিশন দায়ের করা হয়। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে বিবাদী করা হয়।

বিজ্ঞাপন

রিটের শুনানিতে ব্যারিস্টার তানভীর আদালতে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে স্কাইপ কেলেঙ্কারি সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের ঘটনায় মিথ্যা মামলাকে কেন্দ্র করে ২০১৩ সালের ১১ এপ্রিল অন্যায়ভাবে আমার দেশ পত্রিকার ছাপাখানা বন্ধের পর সিল-গালা করে দেয়। একই দিন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে দীর্ঘদিনের জন্য কারাগারে আটকে রাখা হয়।

এরপর পরিকল্পিতভাবে আমার দেশ এর ছাপাখানার মেশিন ও আনুষঙ্গিক যন্ত্রপাতি, কম্পিউটার, কাগজ, কালি জব্দ করার নামে ধ্বংস করা হয়। ২০১৬ সালের ২৩ নভেম্বর মাহমুদুর রহমান মুক্ত হয়ে পত্রিকা চালু করতে প্রেস ফেরত চাইলেও কোন প্রতিকার পাননি। ছাপাখানার কয়েক কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি রক্ষার জন্য তৎকালীন সরকারকে আইনি নোটিশ দেয়া হলেও এ তা রক্ষায় কোন পদক্ষেপ নেয়া হয়নি।

ব্যারিস্টার আদালতে বিভিন্ন নথি উপস্থাপন করে বলেন, ২০১৮ সালের ২২ জুলাই কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে মাহমুদুর রহমানের ওপর প্রাণনাশের উদ্দেশ্যে হামলা করা হয়। তিনি মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ওই বছরের ২৫ আগস্ট বিদেশে যান। গত বছর ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পরে ২৭ সেপ্টেম্বর তিনি দেশে ফিরে এসে দৈনিক আমার দেশ পত্রিকা পুনারায় চালু করার জন্য পদক্ষেপ দেন। গত ১৫ অক্টোবর বর্তমান সরকার আমার দেশ এর ছাপাখানা খুলে দিলে দেখা যায় যে, কোন যন্ত্রপাতিই আর অবশিষ্ট নেই।

ব্যারিস্টার তানভীর বলেন যে, দৈনিক আমার দেশ ও এর সম্পাদক মাহমুদুর রহমান নির্মম নির্যাতনের শিকার। যেহেতু সম্পূর্ণ অন্যায়ভাবে বিগত সরকারের আমলে আমার দেশ পত্রিকাকে জোরপূর্বক বন্ধ করে রেখে এর প্রচুর ক্ষতি সাধন করা হয়, সেহেতু আমার দেশ পাবলিকেশন কো. লি. কে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়া আবশ্যক।

শুনানি শেষে আদালত সরকারের প্রতি উক্ত রুল জারি করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন