মৌলভীবাজার সদর উপজেলার নারাইনপাশা এলাকার চা বিক্রেতা দুরুদ মিয়াকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে অতিরিক্ত দায়রা জজ আদালত। একই সঙ্গে এ মামলার সাত আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে এই মামলার রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামসাদ বেগম। এ সময় রায়ে আসামি ছাদিক মিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০০৮ সালের ১২ জুন সকালে সদর উপজেলার নারাইনপাশা এলাকায় দুরুদ মিয়া পাওনা টাকা চাইতে এসে খুন হন। আসামি ছাদিক মিয়া দলবল নিয়ে দুরুদ মিয়ার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এ ঘটনায় তার ছেলে মকবুল মিয়া আটজনকে আসামি করে মৌলভীবাজার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় পেনাল কোডের ৩০২ ধারায় আসামি ছাদিক মিয়াকে মৃত্যুদণ্ড দেন বিচারক। তবে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তছকির মিয়া, সিরাজ মিয়া, নুরুল ইসলাম, ছাইফুর রহমান, আতাউর রহমান, শফিক মিয়া ও আছাব মিয়াকে খালাস দেওয়া হয়।
পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, প্রকৃত আসামির দণ্ড নিশ্চিত হওয়ায় বাদীপক্ষসহ আইনের প্রতি সাধারণ মানুষের আস্থা ও শ্রদ্ধা আরো বাড়ল।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

