জুলাই বিপ্লবে ময়মনসিংহের গৌরীপুরে তিন আন্দোলনকারীকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ৯ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়েছে প্রসিকিউশন।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই আবেদন করা হয়।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১-এর অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মার্জিনা রায়হান মদিনা।
শুনানিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে তিনি বলেন, জুলাই বিপ্লব চলাকালে দেশব্যাপী সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অংশ হিসেবে আসামি তৎকালীন গৌরীপুর উপজেলা চেয়ারম্যান ও গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা সোমনাথ সাহা এবং অপর আসামি সুমন চন্দ্র রায়, তৎকালীন অফিসার ইনচার্জ, নিজ নিজ ঊর্ধ্বতন অবস্থানে থেকে একে অপরের সঙ্গে আলোচনা করে মারণাস্ত্র ব্যবহার করে বৈষম্যবিরোধী আন্দোলনকারী নিরীহ, নিরস্ত্র বেসামরিক ছাত্র-জনতাকে নির্মূল করার লক্ষ্যে যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন।
তিনি বলেন, তাদের অধীনস্থ ও সহযোগী আসামি শফিকুল আলম, দেলোয়ার হোসাইন, সানাউল হাসান খান পাঠান তমাল পাঠান, সৈয়দ রাফসান জানি অভি, শহিদুল হক সরকার, শাহীন আলম শাহীন, আতিক হাসান, শাহ আতাউর রহমান ফকির ও ফারুক আহম্মেদদের নির্দেশ দিয়ে এবং তাদের সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারদের সঙ্গে নিয়ে পিস্তল ও চায়না রাইফেল দিয়ে তিনজনকে গুলি করে হত্যা এবং অসংখ্য ছাত্র-জনতাকে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় আসামিরা একক ও যৌথভাবে দায়ী, যা ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট, ১৯৭৩-এর অধীন শাস্তিযোগ্য অপরাধ।
এ ছাড়া হত্যাকাণ্ডের সময় ধারণ করা দুটি ভিডিও ট্রাইব্যুনালে দেখানো হয়। এতে আসামি এসআই শফিকুল ইসলামকে খুব কাছ থেকে সরাসরি গুলি করতে দেখা যায়।
অভিযোগ তুলে ধরে তিনি আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান।
পরে আসামিপক্ষের শুনানির জন্য ৮ সেপ্টেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
এই মামলার ৯ আসামির মধ্যে তিনজন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন এসআই শরিফুল ইসলাম, এএসআই দেলোয়ার হোসেন ও ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান ফকির।
আজ সকালে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
বাকি ছয় আসামি পলাতক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


