নাশকতার মামলায় আ.লীগের ৮ নেতাকর্মী রিমান্ডে

নাশকতার মামলায় আ.লীগের ৮ নেতাকর্মী রিমান্ডে

রাজধানীর উত্তরখান এলাকায় নাশকতা পরিকল্পনার অভিযোগে করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আট নেতাকর্মীর চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন—মো. মাজহারুল ইসলাম ওরফে রায়হান, মো. রাকিব, মো. তানভীর খান, মো. আবদুর রহমান, মো. সিফাত, মো. মাহফুজুর রহমান, মো. আশিক মিয়া ও মো. বকুল আহমেদ ওরফে রাজু।

আদালত সূত্রে জানা যায়, এদিন আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরখান থানার উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম। আবেদনে তিনি উল্লেখ করেন, ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন, এর সঙ্গে জড়িত অন্য সহযোগীদের গ্রেপ্তার এবং নাশকতামূলক কর্মকাণ্ডের উসকানিদাতাদের নাম-ঠিকানা সংগ্রহ ও তাদের গ্রেপ্তারের জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ সময় আসামিদের পক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। অপরদিকে, রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ডে নেওয়ার ওই আদেশ দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, শনিবার রাতে উত্তরখানের পুরানপাড়ার একটি অটো গ্যারেজে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কয়েকজন সদস্য জড়ো হয়ে সরকার ও জনসাধারণের শান্তি বিনষ্ট এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উত্তরখান থানা-পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় আটজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জন সেখান থেকে পালিয়ে যায়। পরে এ ঘটনায় উত্তরখান থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন