ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের গুলশানের একটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। যার মূল্য ৫৭ লাখ টাকা।
মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম ফ্ল্যাট জব্দের আবেদন করেন। শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত।
দুদকের আবেদনে বলা হয়, সায়মা ওয়াজেদ পুতুল স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে এ সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভবনা রয়েছে। এ অবস্থায় অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার নামে থাকা ফ্ল্যাটটি জব্দ করা প্রয়োজন।
এর আগে গত ১১ মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে থাকা ধানমন্ডির সুধা সদন বাড়ি জব্দের আদেশ দেন আদালত। একইসঙ্গে শেখ হাসিনার বোন শেখ রেহেনা সিদ্দিক, রেহেনার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে থাকা জমিসহ বাড়ি ও আটটি ফ্ল্যাট জব্দের আদেশ দেয়া হয়। এসব সম্পদের বাজার মূল্য ৮ কোটি ৫২ লাখ ৫ হাজার ৩২০ টাকা। পাশাপাশি শেখ হাসিনা ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করে একই আদালত।
তার আগে ৪ মার্চ পুতুলের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেয়া হয়। গত ১৮ মার্চ শেখ হাসিনা, বোন শেখ রেহানা, ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ৩১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব হিসাবে ৩৯৪ কোটি ৬০ লাখ ৭২ হাজার ৮০৫ টাকা রয়েছে। গত ৯ এপ্রিল শেখ হাসিনা, শেখ রেহানা, সজিব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ১৬ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকাসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন বিচারক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

