ফুটবলার মোরসালিনের বিরুদ্ধে স্ত্রীর যৌতুকের মামলা

ফুটবলার মোরসালিনের বিরুদ্ধে স্ত্রীর যৌতুকের মামলা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় শেখ মোরসালিনের বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন তার স্ত্রী সেঁজুতি বিনতে সোহেল।

বিজ্ঞাপন

বুধবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলা করেন তিনি। এদিন বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামি শেখ মোরসালিনকে হাজির হতে সমন জারি করেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে বাদী সেঁজুতির আইনজীবী ইশফাকুর রহমান গালিব বলেন, শেখ মোরসালিনের সঙ্গে সেঁজুতির ভালোবাসার মাধ্যমে বিয়ে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে আসামি বাদীর সঙ্গে যোগাযোগ রাখছেন না। আসামি মোরসালিন বাদীর কাছে গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা যৌতুকও দাবি করেছেন। বাদী ন্যায়বিচারের জন্য আদালতে এসেছেন।

তিনি আরো বলেন, আজ আদালতে যৌতুকে মামলার আবেদন করি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মোরসালিনের বিরুদ্ধে সমন জারি করেছেন।

এ বিষয়ে মামলার বাদী সেঁজুতি বিনতে সোহেল বলেন, দুজনে মধ্যে ভালোবাসা হয়। এরপর মোরসালিনের সঙ্গে বিয়ে হয় আমার। বিয়ের পর তার আচরণে পরিবর্তন আসতে থাকে। আমার কাছে যৌতুক চায় সে। দীর্ঘদিন ধরে মোরসালিন আমার সঙ্গে কোন যোগাযোগ রাখছে না। আমি তার সঙ্গে সংসার করতে চাই।

মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালের ২৯ নভেম্বর শেখ মোরসালিনের সঙ্গে সেঁজুতি বিনতে সোহেলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বৈবাহিক জীবন সুখ, শান্তি ঠিক রাখতে গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা দেওয়ার জন্য চাপ দেয় মোরসালিন। বিয়ের কিছুদিন পর থেকে বাদী বুঝতে পারেন মোসালিন লোভী ও পরনারীতে আসক্ত। আসামি বারবার যৌতুক দাবি করে বাদীকে মানসিক চাপ দেন। বাদীর পিতার সমস্ত সম্পত্তি বিক্রি করে নগদ টাকা আসামির হাতে তুলে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। এরপর বাদী অনুনয়, বিনয় করে আসামিকে বুঝানোর চেষ্টা করলে, মোরসালিন উল্টো সেঁজুতিকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন চালায়। পরে যৌতুকের টাকার জন্য নির্যাতনের মাত্রা বেড়ে গেলে সেঁজুতি তার পিতার বাসায় চলে আসেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন