জ্ঞাত বহির্ভূত আয় আর প্লট জালিয়াতি করে এবার দুদকের মামলায় ফাঁসলেন বিতর্কিত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। তার নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও প্লট জালিয়াতির অভিযোগে পৃথক দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্লট জালিয়াতির মামলায় সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের স্ত্রী কাশমিরি কামালসহ সাতজনকে আসামি করা হয়েছে।
দুদক জানায়, মানিক সম্পন্ন মিথ্যা হলফনামা দাখিল করে তৎকালীন তার আজ্ঞাবহ আওয়ামীলীগ সরকারের কাছে প্লট বাগিয়ে নেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টার দিকে রাজধানীর সেগুন বাগিচায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি জানান, সাবেক বিচারপতি মানিকের নামে দুইটি মামলা দায়ের হয়েছে। বিচারপতি হিসেবে কর্মরত থাকাকালে এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার ৮২০ টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। এই মামলায় আসামির বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
তিনি আরও বলেন, রাজউকের প্লট আত্মসাতের অভিযোগে দ্বিতীয় মামলায় এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ সাতজনকে আসামি করা হয়েছে। মানিক ছাড়াও ওই মামলায় আসামি হয়েছেন, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের স্ত্রী কাশমিরি কামাল, রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, এম জয়নাল আবেদীন ভুইয়া, রাজউক কর্মকর্তা মো. আবু বক্কার সিকদার, এম মাহবুবুল আলম ও আব্দুল হাই। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এর ৪০৯/৪২০/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

