সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের ৮৭ এফডিআর অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার

সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের ৮৭ এফডিআর অবরুদ্ধ
ছবি: সংগৃহীত।

সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ৮৭ টি এফডিআর হিসেবে থাকা ২৭ কোটি ৭ লাখ ৯৬ হাজার ১২১ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে পাঁচটি ব্যাংক হিসাবে থাকা ৬৬ হাজার ৩৭৬ টাকা ও ১৬ হাজার ৪১৯ ডলার এবং এক কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকার ১৩ টি ওয়েজ আর্নারস বন্ডও অবরুদ্ধ করার আদেশ দেন বিচারক। খন্দকার মোশাররফ হোসেন বিগত ফ্যাসিস্ট সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

বিজ্ঞাপন

বুধবার (২৯ এপ্রিল) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুদক কমিশনের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার ওই সব হিসেব অবরুদ্ধ চেয়ে এ আবেদন করেন। এতে বলা হয়, খন্দকার মোশাররফ হোসেন কর্তৃক ঘুস ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৭৭ টাকা মূল্যের সম্পত্তি অর্জন করে নিজ দখলে রাখেন। ব্যাংক হিসাবের মাধ্যমে ৯৯ কোটি ২১ লাখ ১৮ হাজার ৮৪২ টাকা ও ১১ লাখ ৩৩ হাজার ৮১৬ ইউএসডির অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেনন।

তা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারার অপরাধে মামলা করে দুদুক। গত বছরের ২ জুন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এই মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, খন্দকার মোশাররফ হোসেন দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসামঞ্জস্যপূর্ণভাবে মোট ৩৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৭৭ টাকার সম্পদ অর্জনপূর্বক নিজের দখলে রাখেন। এছাড়া, তিনি ৭ কোটি ৭২ লাখ ১৮ হাজার টাকার স্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অর্থের ছদ্মাবরণ করেন।

তিনি নামে এবং ছদ্মনামে পরিচালিত ১৫টি ব্যাংক হিসাবে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৯৯ কোটি ২১ লাখ ১৮ হাজার ৮৪২ টাকা এবং ১১ লাখ ৩৩ হাজার ৮১৬ মার্কিন ডলার, যা দুদকের তদন্তে অস্বাভাবিক ও সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়।

এসব কারণে মামলার সুষ্ঠু তদন্তরে স্বার্থে খন্দকার মোশাররফ হোসেনের নামীয় ব্যাংক হিসাব, ওয়েজ আর্নারস বন্ড ও এফডিআরসমূহ জরুরী ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন। শুনানি শেষে অবরুদ্ধ করার ওই আদেশ দেন আদালত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন