দুর্নীতি মামলায় খালাস পেলেন বিএনপি নেতা দুলু

দুর্নীতি মামলায় খালাস পেলেন বিএনপি নেতা দুলু

দেড় দশক আগে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে খালাস দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

রোববার সকালে ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালত এ রায় দেন।

বিএনপি নেতা দুলুর আইনজীবী বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ১৬ জুন মামলাটির যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য পরবর্তী তারিখ ধার্য করেন আদালত। রায়ে আদালত তাদের খালাস প্রদান করেছেন ।

মামলায় অভিযোগ, ৫ কোটি ১ লাখ ৩১ হাজার ৭৭৩ টাকা সম্পদের তথ্য গোপন এবং ৮ কোটি ৪৪ লাখ ৩৭ হাজার ১০৮ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি দমন প্রতিরোধ আইন ৫(২) ধারা এবং জরুরি বিধিমালা ২০০৭ এর বিধি ১৫ ও ৫ এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এমন সব অভিযোগ ২০০৭ সালের ১৯ এপ্রিল স্ত্রীসহ দুলুর বিরুদ্ধে মামলাটি দায়ের করে সংস্থাটির সহকারী পরিচালক মাহফুজা। তদন্ত শেষে একই বছরের ১৯ জুলাই অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক নুর জাহান।

এ মামলায় ওই বছরের ২৯ আগস্ট অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। পরে সেই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুলু। হাইকোর্ট দুলুর আবেদন গ্রহণ করে ২০১২ সালের ১৮ জুলাই মামলাটি বাতিল করে দেন। সে আদেশের বিরুদ্ধে আপিল করে দুদক।

২০১৫ সালের ২ নভেম্বর আপিল বিভাগ দুদকের আবেদন গ্রহণ করে হাইকোর্টের রায় বাতিলের আদেশ দেন। এ আদেশের পর ঢাকার বিশেষ জজ আদালত-১ এ দুলুর বিরুদ্ধে দুর্নীতির মামলার কার্যক্রম আবার শুরু হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন