২৯ বিসিএস-এ ২১ কর্মকর্তার নিয়োগ নিয়ে অনুসন্ধানে দুদক

স্টাফ রিপোর্টার

২৯ বিসিএস-এ ২১ কর্মকর্তার নিয়োগ নিয়ে অনুসন্ধানে দুদক

বিসিএস ক্যাডার সার্ভিসের ২১ জন কর্মকর্তার নিয়োগে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২৯তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের ১৩ মাস পর নিয়মবহির্ভূতভাবে নন-ক্যাডার সুপারিশপ্রাপ্ত ২১ প্রার্থীকে বিভিন্ন ক্যাডার পদে সুপারিশ ও নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক প্রতিরোধ মো.আক্তার হোসেন। তিনি জানান, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে ২৯তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ও গেজেট বিজ্ঞপ্তির প্রায় ১৩ মাস পর নিয়মবহির্ভূতভাবে নন-ক্যাডার সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের বিভিন্ন ক্যাডার পদে সুপারিশ ও নিয়োগের অভিযোগ পাওয়া যায়। এতে কমিশন বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরো জানান, নিয়োগপ্রাপ্ত ২১ জনের মধ্যে প্রশাসন ক্যাডারের পাঁচ জন, আনসার ক্যাডারে একজন, শুল্ক ও আবগারি ক্যাডার চার জন, ইকোনোমিক ক্যাডারে দুজন, পরিবার পরিকল্পনা দুজন, পররাষ্ট্র ক্যাডারে একজন, পুলিশ ক্যাডারে দুজন, কর ক্যাডার তিন জন এবং সাধারণ শিক্ষা ক্যাডার একজন।

এই কারসাজির সঙ্গে কারা জড়িত প্রশ্ন করা হলে তিনি জানান, আমরা অনুসন্ধানে নেমেছি। কারা জড়িত তদন্তে বের হয়ে আসবে। যারা এই কারসাজির সঙ্গে জড়িত তাদের সকলকে আইনের আওতায় আনা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন