নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখার সহ-সভাপতি ফাইজুর রহমান ফাহিমের জামিন নামঞ্জুর করে কারাগারে তাকে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ জুয়েল রানার আদালত এ আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট থানার প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল এ তথ্য নিশ্চিত করেন।
এদিন রাজধানীর শের-ই-বাংলা নগর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটকে রাখার আবেদন করা হয়। এ সময় ফাহিমের জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী। অপরদিকে জামিনের বিরোধিতা করে যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউশন বিভাগ। উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। পরে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয় বিচারক।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে এসএইচ-১১ ব্যাচের মেডিসিনের পরীক্ষা দিতে এলে ফাইজুর ফাহিমকে আটক করে শিক্ষার্থীরা। এরপর তাকে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেন তারা। পরে সেনাবাহিনী ফাহিমকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করে।
মামলায় অভিযোগ, চলতি বছরের ৭ এপ্রিল সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কতিপয় সদস্যরা স্বাধীন রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা, সার্বভৌমত্ব বিপন্ন করাসহ প্রধান উপদেষ্টাকে উৎখাতে বিভিন্ন অযৌক্তিক দাবি নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এ লক্ষ্যে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা একত্রিত হয়ে মিছিল বের করে। পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা দ্রুত পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একজন আটক হয়। এ ঘটনার পরদিন ৮ এপ্রিল ১৩ জনের নামে উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪০/৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

