রাজধানীর সূত্রাপুর থানার হত্যাচেষ্টা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক অধ্যাপক এস এম আনোয়ারা বেগমের জামিন মঞ্জুর করেছে আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান শুনানি শেষে জামিন মঞ্জুরে এ আদেশ দেন। এদিন আসামিপক্ষে তার আইনজীবী ওবায়দুল ইসলাম জামিন চেয়ে আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুছলেখায় তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।
ঢাকা মহানগর আদালতের এপিপি কাইয়ুম হোসেন নয়ন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত বুধবার সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিপরীত পাশে স্টার হোটেলের সামনে বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এ সময় আসামিরা জনতার ওপর পরিকল্পিত হামলা ও মারধর করে। এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক সুজন মোল্লা চোখে গুলিবিদ্ধ হন। পরে দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় গত ২৫ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলাটি দায়ের করেন। এতে বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক, কর্মকর্তা ও ছাত্রলীগের ৯৪ জনসহ ১৯৩ জনকে আসামি করা হয়। এই মামলার ৪৩ নম্বর আসামি আনোয়ারা বেগম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

