রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হত্যার অভিযোগে মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা আকবর হোসেন শিবলুকে ধরতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম. ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করে বলেন, বিড়াল হত্যার অভিযোগে ৫ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরে মোহাম্মদপুর থানা পুলিশ আকবর হোসেন শিবলুকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করে।
আদালত প্রতিবেদন গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
প্রাণি সংগঠন পিপলস ফর এনিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী বলেন, আদালত কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বলে দ্রুত আসামিকে গ্রেপ্তারের দাবি জানাই। পাশাপাশি পশু-পাখিসহ সব প্রাণিদের যে বেঁচে থাকার অধিকার আছে। এজন্য সবাইকে সচেতন হওয়ার আহবান জানাই।
মামলায় অভিযোগ, গত ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের ৯ম তলার মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে এলোপাতাড়ি ফুটবলের মতো লাথি মারছেন। আসামির লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

