যৌতুক ও শারীরিক নির্যাতনের অভিযোগ মডেল সানাই মাহবুবের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন স্বামী আবু সালেহ মুসা।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে এ আদেশ দেন। এর আগে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আবূ সালেহ মূসা।
এদিন তার পক্ষে জামিন চেয়ে শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি খোরশেদ আলম। শুনানিতে তিনি বলেন, আপনি (আদালত) মামলা আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন ইস্যু করেছিলেন। আদালতের নির্দেশে আসামি আত্মসমর্পণ করেছেন। একটা হলফনামা দিয়েছি যে আসামি সংসার করতে চাই। আমরা বিষয়টি আপস করে ফেলব। তাই তার জামিন প্রার্থনা করছি।
সানাই মাহবুবের আইনজীবী মিঠুন সাহা জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, যৌতুক দাবির পাশাপাশি আসামি সানাইয়ার কাছ থেকে ১৯ লাখ টাকা নিয়েছে। সেই টাকার কী হবে? টাকা পয়সা নিয়েছে, আবার যৌতুক চাচ্ছে। তা ছাড়া, তিনি অপরাধ তো করেছেন।
এরপর আদালত আবূ সালেহ মূসাকে প্রশ্ন করলে জবাবে মূসা সংসার করার ইচ্ছার কথা জানান। এরপর আদালতে কথা বলেন সানাই মাহবুবও। এ সময় কান্নাকাটি করেন তিনি।
উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত বলেন, এটা আপসযোগ্য মামলা। আসামি সংসার করতে চায়। তাকে সুযোগ দিতে হবে। পরে আপসের শর্তে আদালত তার জামিনের আদেশ দেন।
গত ৬ অগাস্ট সানাই মাহবুব আদালতে মূসার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ওইদিন আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত।
মামলায় অভিযোগ, ২০২২ সালের ২৭ মে তারা বিয়ে করেন। বিয়ের সময় সানাই মাহবুবের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আসবাবপত্র ও ১৫ ভরি সোনা দেওয়া হয়। পরে চাকরির পাশাপাশি ব্যবসা করবে জানিয়ে স্বামী আবূ সালেহ মূসা টাকা চান। সেই সময় সানাই নিজের ১২ লাখ টাকা ও বাবার কাছ থেকে আরও ৭ লাখ টাকা এনে দেন। কিন্তু সেই টাকা সালেহ মুসা খরচ করে ফেলেন। পরবর্তী সময়ে তিনি সানাইয়ের কাছ থেকে ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন। সেটি দিতে অস্বীকার করলে সানাইয়ের ওপর শারীরিক-মানসিক নির্যাতন চালান। টাকা না দিলে সংসার না করার হুমকি দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


