টেনেহিঁচড়ে নারীকে আহত: আদালতের স্বতঃপ্রণোদিত মামলা

টেনেহিঁচড়ে নারীকে আহত: আদালতের স্বতঃপ্রণোদিত মামলা

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় এক নারীর ব্যাগ ছিনতাই ও টেনেহিঁচড়ে আহত করার ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাউসার পারভীনের আদালত ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মামলাটি গ্রহণ করে পিবিআই'কে তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ২০ জুলাই এ বিষয়ে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আপেল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে এক নারী রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় চলন্ত একটি সাদা প্রাইভেট কার থেকে এক ছিনতাইকারী হঠাৎ জানালা দিয়ে তার ভ্যানিটি ব্যাগ টান দেয়। সঙ্গে সঙ্গে ওই নারী রাস্তায় পড়ে যান।

এ অবস্থায় ছিনতাইকারীরা তাকে গাড়ির সঙ্গে টেনেহিঁচড়ে নিয়ে যেতে থাকেন। এ সময় আশপাশের লোকজন এসে ওই নারীকে উদ্ধার করেন। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। দিনদুপুরে এমন একটি ভয়াবহ ঘটনায় জনমনে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করে।

এ ঘটনায় কেউ কোনো মামলা করেনি। তবে আইন অনুযায়ী, এমন আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে থানা-পুলিশের তাৎক্ষণিক মামলা করা বাধ্যতামূলক ছিল। কিন্তু এক্ষেত্রে পুলিশের নির্লিপ্ততার পরিপ্রেক্ষিতে নিজ উদ্যোগে মামলা গ্রহণ করেন আদালত।

আদালতের আদেশে বলা হয়, পত্রিকায় প্রকাশিত সংবাদ পর্যালোচনা করে দেখা যায়, দণ্ডবিধির ৩৯২ ধারায় (ডাকাতি), ৩৭৯ (চুরি), ৩২৫ (গুরুতর আঘাত প্রদান) এবং ৩৪ (একাধিক ব্যক্তির সমবেত অপরাধ) ধারার আওতায় একটি গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে। এমন গুরুতর অপরাধের ন্যায়বিচার নিশ্চিতে বিষয়টি তদন্ত করা আবশ্যক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন