পুলিশ হত্যা মামলা

আরাভ খানসহ ৮ জনের বিরুদ্ধে রায় পিছিয়ে ৯ এপ্রিল

আরাভ খানসহ ৮ জনের বিরুদ্ধে রায় পিছিয়ে ৯ এপ্রিল

পুলিশেপরিদর্শক (এসবি) মামুন ইমরান খান হত্যা মামলায় রায়ের তারিখ আবারও পেছানো হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে মামলাটি রায় ঘোষণার জন্য দিন ছিল। তবে এদিন রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পিছিয়ে আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেন আদালত।

এর আগেও রায় প্রস্তুত না হওয়ায় একদফা পিছিয়ে মঙ্গলবার নতুন এ দিন ধার্য করেন আদালত।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি-তর্কের শুনানি শেষে রায় ঘোষণার তারিখ ঠিক করেছিলন আদালত।

এ মামলার আসামিরা হলেন- রবিউল ইসলাম ওরফে আরাভ খান, তার স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, দিদার পাঠান, মিজান শেখ, আতিক হাসান ও সারোয়ার হোসেন। আসামিদের মধ্যে রবিউল ও তার স্ত্রী পলাতক রয়েছেন। বাকিরা কারাগারে আছেন। এছাড়াও অপ্রাপ্ত বয়স্ক দু’কিশোরী আসামি রয়েছে। তারা জামিনে আছে। তাদের বিচার শিশু আদালতে চলছে।

২০১৮ সালের ৯ জুলাই গাজীপুরের একটি জঙ্গল থেকে পুলিশের বিশেষ শাখা (এসবি) পরিদর্শক মামুন ইমরান খানের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার ২০১৯ সালের ৮ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান। আর ২০২১ সালের ২৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলায় রাষ্ট্রপক্ষে ৩৮ সাক্ষীর মধ্যে ২৬ জন আদালতে সাক্ষ্য দেন।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন