ঢাকার শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মীর জুতার ভেতর থেকে ৮০টি সোনার বার উদ্ধারের মামলায় দুই বিমানকর্মীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—মানিক মিয়া ও মিজানুর রহমান।
এদিন দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার পরিদর্শক আবুল কাইয়ুম। শুনানি শেষে রিমান্ডে নেওয়ার ওই আদেশ দেন আদালত। তবে শুনানিতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
মামলায় অভিযোগ, গোপন সংবাদের ভিত্তিতে রোববার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। পরে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটের রানওয়েতে দুই বিমানকর্মীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়।
এ সময় তাদের পরিহিত জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে মোট ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৯ দশমিক ৩৪ কেজি। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
এ ঘটনায় গতকাল রোববার বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার অব কাস্টমস রুহানী ইসলাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


