নিজের বিরুদ্ধে তদবির বাণিজ্য ও দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন। তার দাবি, ছাত্রদের টার্গেট করে একটি পক্ষ মিথ্যা ছড়াচ্ছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন। সকাল ১১ টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে দুদকের কর্মকর্তারা।
পরে সাংবাদিকদের মোয়াজ্জেম হোসেন জানান, 'দুদক ডেকেছে তাই এখানে এসেছি। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। ছাত্রদের টার্গেট করে একটি পক্ষ এমন মিথ্যা ছড়াচ্ছে। যেমন মিডিয়াতে আমার পদত্যাগের বিষয়টি অব্যাহতি হিসাবে এসেছে। আমাকে বিসিএস ভাইভা দিতে হবে, একটা প্রস্তুতির বিষয় ছিল। এ কারণে পদত্যাগ করেছিলাম। আমি ২৫ মার্চ পদত্যাগ করেছি। আমার আবেদনের প্রেক্ষিতে অব্যাহতি দেওয়া হয়েছে। যদিও জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিজ্ঞপ্তি ভুল আকারে এসেছে।'
সূত্র জানায়, গত ২২ এপ্রিল যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার এপিএস মোয়াজ্জেম হোসেন পদত্যাগ করেন। আর ২৫ এপ্রিল নিজের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের বিষয়ে দুদককে তদন্ত করার অনুরোধ জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গত ২৭ এপ্রিল উপদেষ্টাদের এপিএস ও পিও-এর দুর্নীতি অনুসন্ধান শুরু করার দাবি নিয়ে দুদকে আসে যুব অধিকার পরিষদ। 'মার্চ টু দুদক' কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাব থেকে সংগঠনটির নেতাকর্মীরা দুদকে আসেন। পরে দলটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল দুদকে স্মারকলিপি জমা দেয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

