বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ৬৬ জনকে অব্যাহতি

বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ৬৬ জনকে অব্যাহতি

রাজধানীর রমনা মডেল থানার বিস্ফোরক আইনের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ৬৬ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত তাদেরকে অব্যাহতি দেন। গত বছরের ২১ সেপ্টেম্বর পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন আদালত।

বিজ্ঞাপন

অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্যরা হলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবিব উন নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, বিএনপি নেতা সুলতান সালাহ উদ্দিন টুকু, ফজলুল হক মিলন, এসএম রবিউল ইসলাম নয়ন, তাবিথ আউয়াল, জহির উদ্দিন স্বপন প্রমুখ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী জয়নুল আবেদীন মেসবাহ এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ২০২৩ সালের ২৮ অক্টোবর রমনা থানার পাইওনিয়ার রোডস্থ বিভাগীয় কমিশনার ভবনের সামনে বেআইনি সমাবেশ করেন। সেখানে রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দেয় ও মিছিল করেন তারা। একপর্যায়ে মিছিল নিয়ে সেগুন বাগিচা কাঁচাবাজার এলাকায় এসে  একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এ ঘটনায় ২০২৩ সালের ৩১ অক্টোবর রমনা মডেল থানার এসআই মো. আউয়াল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৫ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন