সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হবে । রমজান মাসে নির্বাচন না করতে প্রার্থী ও সাধারণ সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
গতকাল রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় দক্ষিণ হলে এক বিশেষ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ১১ ও ১২ মার্চ সম্পন্নের জন্য তফসিল ঘোষণা করা হয়। গত ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে মনোনয়ন জমা ও প্রত্যাহারসংক্রান্ত একটি নোটিস জারি করা হয়।
তফসিলে নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি গত ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। গতকাল রোববার ছিল মনোনয়ন ফরম কেনার শেষ দিন। এদিন সুপ্রিম কোর্টের আইনজীবীদের দাবির মুখে সিদ্ধান্ত পরিবর্তন করে নির্বাচনে ভোটগ্রহণের তারিখ ঠিক করা হয়েছে আগামী ১৩ ও ১৪ মে।
ঘোষিত নির্বাচনি তফসিল অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ সকাল ৯টা থেকে বেো ৩টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে বলে জানানো হয়। পাশাপাশি ১ মার্চ সকাল সাড়ে ৯টায় মনোনয়নপত্র বাছাই এবং ৪ মার্চ বেলা ৩টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়। গতকাল বিশেষ সাধারণ সভায় সেটা স্থগিত করে নতুন তারিখ ঠিক করা হয়েছে। এখন ঘোষিত তারিখ অনুযায়ী নতুন করে আবার তফসিল ঘোষণা করা হবে বলে সুপ্রিম কোর্ট বার জানিয়েছে ।
কার্যকরী কমিটিতে সভাপতি পদে একটি, সহসভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহসম্পাদক পদে দুটি এবং কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সর্বশেষ ২০২৪ সালের ৬-৭ মার্চ এ নির্বাচন হয়েছিল। সভাপতি ও তিন কার্যনির্বাহী সদস্যসহ চারটিতে বিএনপি সমর্থকরা এবং সম্পাদকসহ ১০টিতে আওয়ামী সমর্থকরা ব্যাপক মারামারি ও ভোট কারচুপির মাধ্যমে জয়ী হন।
৫ আগস্ট পটপরিবর্তনের পর কার্যনির্বাহী কমিটির কাজে স্থবিরতা সৃষ্টি হয়। পরে সভাপতি এএম মাহবুব উদ্দিন খোকনকে বহাল রেখে নির্বাচনে পরাজিত প্রার্থীদের বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করে অন্তর্বর্তীকালীন কার্যনির্বাহী (অ্যাডহক) কমিটি করা হয়।
গত বছর নির্বাচনের দাবি উঠলেও শেষ পর্যন্ত আর তা অনুষ্ঠিত হয়নি। পরে সুপ্রিম কোর্ট বারের অ্যাডহক কমিটির এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয়, ত্রয়োদশ নির্বাচনের পর বারের নির্বাচন হবে ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

