ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল ফের রিমান্ডে

স্টাফ রিপোর্টার

ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল ফের রিমান্ডে

হত্যা মামলার পর এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আবারও রিমান্ডে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার চৌধুরী। এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এর আগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মাঞ্জিল হায়দার পাঁচ দিনের রিমান্ডে ছিলেন। তারও আগে হত্যা মামলায় তিন দফায় মোট ১২ দিন রিমান্ডে নেওয়া হয় তাকে।

তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ দাবি করে, জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিললেও তা এখনও অসম্পূর্ণ রয়েছে। মামলার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে আরও সময় প্রয়োজন বলে আদলাতে যুক্তি উপস্থাপন করে প্রসিকিউশন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী কামাল হোসেন রিমান্ড বাতিল চেয়ে বলেন, একই ঘটনায় ধারাবাহিকভাবে একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে দীর্ঘ সময় রিমান্ডে রাখা কো ভাবেই ন্যায়সংগত নয়। তিনি আরও দাবি করেন, তার মক্কেল দীর্ঘদিন সেনাবাহিনীতে সুনামের সঙ্গে চাকরি করেছেন এবং বর্তমানে অসুস্থ তিনি।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ত্রাসবিরোধী মামলায় তার বিরুদ্ধে অভিযোগ, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ততা, সরকারবিরোধী ষড়যন্ত্র এবং বিভিন্ন স্থানে গোপন বৈঠক আয়োজন। এছাড়া পলাতক আসামিদের সঙ্গে তার যোগাযোগ থাকার বিষয়টিও তদন্তে উঠে এসেছে বলে দাবি করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই নীলক্ষেত এলাকায় আন্দোলনের সময় গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় করা মামলাতেও আসামি করা হয়েছে একাধিক প্রভাবশালী ব্যক্তিকে।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দারকে গ্রেপ্তার করা হয়। পরদিন নিউ মার্কেট থানার হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...