জবানবন্দিতে ওয়্যারলেস অপারেটর

ইচ্ছামতো গুলি করতে বলেন ডিএমপি কমিশনার হাবিব

ইচ্ছামতো গুলি করতে বলেন ডিএমপি কমিশনার হাবিব

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৫০তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়্যারলেস অপারেটর কামরুল ইসলাম। তিনি বলেন, ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে বাহিনীর সদস্যদের ইচ্ছামতো গুলি করার নির্দেশ দিয়েছিলেন। আন্দোলনকারীদের দমনে সর্বোচ্চ বল প্রয়োগ করতেও বলেন তিনি।

আন্দোলন দমনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দি দেন তিনি। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ জবানবন্দি নেওয়া হয় ।

বিজ্ঞাপন

পুলিশ কর্মকর্তা কামরুল বলেন, ‘আমি বারবার বলেছি, নির্দেশ দিয়েছি, আপনাদের স্বাধীনতা দিয়েছি যেখানে যেমন সিচুয়েশন, সেভাবে আপনারা করবেন, আপনারা নিলিং পজিশনে গিয়ে হাঁটু গেঁড়ে গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন।’ জুলাই-আগস্ট আন্দোলন দমনে ওয়্যারলেস বা বেতার বার্তায় এভাবেই অধস্তনদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশনা দিয়েছিলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর।

জবানবন্দিতে তিনি জানান, গত বছরের ১৭ জুলাই সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। সেদিন বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ছাত্র-জনতার আন্দোলন দমনের জন্য তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর, যার পুলিশি সাংকেতিক কল সাইন ভিক্টর মাইক ওয়ান-এ সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দেন, চাইনিজ রাইফেল দিয়ে গুলি করার নির্দেশ দেন। তখন বার্তাবাহক হিসেবে তিনি ও তার দল ওয়্যারলেসের মাধ্যমে সংশ্লিষ্ট সব ইউনিটে ওই বার্তা পৌঁছে দেন।

পরে ট্রাইব্যুনালে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরের ওয়্যারলেস বার্তার অডিও উপস্থাপন করা হয়। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘জানমাল রক্ষায় সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। আমি আপনাদের স্বাধীনতা দিয়েছি। পরিস্থিতি বুঝে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবেন। হাঁটু গেড়ে বসে গুলি করবেন।’

এই সাক্ষী আরো বলেন, যেদিন ডিএমপি কমিশনার গুলির নির্দেশনা দেন, সেদিন ঢাকায় গুলি করার জন্য তেমন কোনো পরিস্থিতি ছিল না। তবু তিনি এই নির্দেশনা দেন । জবানবন্দি শেষ হলে সাক্ষী কামরুলকে জেরা করেন পলাতক আসামি শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন।

শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় হাবিবুরের জানমাল রক্ষায় হাঁটু গেড়ে বসে গুলি করতে বলা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘দেখেন, এটা মামলার আর্গুমেন্ট করার জায়গা। গত বছরের ১৭ জুলাই সরকারি ছুটি ছিল। আন্দোলনের কোনো কর্মসূচি ছিল না। (তারপরও) কেন জনগণের ওপর গুলি করার নির্দেশ দেবেন? সেদিন এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যাতে গুলি করতে হবে।’

সাক্ষীর উল্লেখ করা চাইনিজ রাইফেলের বিষয়টি উপস্থাপিত অডিওতে না থাকা প্রসঙ্গে প্রসিকিউটর জানান, চাইনিজ রাইফেলের কথাটা তিনি বলেছেন বা বলেননি, এটা যুক্তিতর্কের বিষয়। তিনি বক্তব্য দিয়েছেন। তারা যখন যুক্তিতর্কে যাবেন তখন বিষয়টা মোকাবিলা করবেন ।

উত্তরার গণহত্যায় আতিকসহ আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন জমা ২২ অক্টোবর

জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর উত্তরায় সংঘটিত গণহত্যার মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ২১ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২২ অক্টোবর তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান। তিনি এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরো এক মাস সময় চান। পরে আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করে ট্রাইব্যুনাল। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, এসএম মইনুল করিম ও সাইমুম রেজা তালুকদার।

উত্তরায় গণহত্যার এ মামলায় মোট আসামি ২১ জন। এর মধ্যে মেয়র আতিকসহ ১০ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাদের আটজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে প্রসিকিউশন ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...