নানা নাটকীয়তার পর শেষ মুহূর্তে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাখা ছাত্রদলের সদস্য ও মীর মশাররফ হোসেন হলের সভাপতি মো. শেখ সাদী হাসান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাখা ছাত্রদলের সদস্য ও ১৩ নম্বর হলের সভাপতি তানজিলা হোসাইন বৈশাখী।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ‘অদম্য-২৪’ স্মৃতি স্তম্ভের চত্বরে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। এদিকে প্যানেল ঘোষণার পর প্রতারণার অভিযোগ তুলে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন শাখা ছাত্রদলের সদস্য সৈয়দা অনন্যা ফারিয়া।
মনোনয়ন জমা দেওয়ার সময় শেষ হওয়ার পর ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) প্যানেল ঘোষণা করলেও দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে প্যানেল ঘোষণা করতে বেগ পেতে হচ্ছিল শাখা ছাত্রদলের। নিজেদের দ্বন্দ্ব মেটাতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দফায় দফায় মিটিং করে শাখা ছাত্রদলের নেতারা। তাদের এই দ্বন্দ্ব মেটাতে হস্তক্ষেপ করে বিএনপিপন্থি শিক্ষকরাও।
তবে দ্বন্দ্বের পাশাপাশি প্রধান তিন পদে প্রতিযোগিতা করার মতো জনপ্রিয় প্রার্থীর সংকটও ছিল ছাত্রদলে। তাই জাকসু প্রধান তিন পদের অন্তত একটিতে জয় নিশ্চিতের জন্য বিএনপিপন্থি কয়েকজন শিক্ষকের পরামর্শে সাংস্কৃতিক জোটের একাংশের আহ্বায়ক মাহফুজুল ইসলাম মেঘকে সহসভাপতি পদে মনোনয়ন দিয়ে প্যানেল চূড়ান্ত করেন শাখা ছাত্রদলের নেতারা। তবে গতকাল সকাল থেকে এ খবর জানাজানি হলে শাখা ছাত্রদলের মধ্যে একধরনের অসন্তোষের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে শাখা ছাত্রদলের একাংশের চাপে ও অন্য কয়েকজন বিএনপিপন্থি শিক্ষকের হস্তক্ষেপে শেষ মুহূর্তে সহসভাপতি (ভিপি) পদের প্রার্থী পরিবর্তন করে শাখা ছাত্রদলে সদস্য শেখ সাদী হাসানকে মনোনয়ন দেওয়া হয়।
প্যানেলের অন্যান্য পদে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) মো. সাজ্জাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) আঞ্জুমান আরা ইকরা, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইয়ামিন হাওলাদার, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে লিখন চন্দ্র রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান খাঁন, সাংস্কৃতিক সম্পাদক মো. আবিদুর রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. পারভেজ হাসান নিশান, নাট্য সম্পাদক মো. আমিনুল ইসলাম, তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক মো. জাবের হাসান, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মো. তাওহিদুর রহমান খাঁন, সহ-সমাজসেবা সম্পাদক (পুরুষ) শাকিল সর্দার, সহ-সমাজসেবা সম্পাদক (নারী) কাজী মৌসুমী আফরোজ, ক্রীড়া সম্পাদক উজ্জ্বল হাসান, সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) রুহুল আমিন সুইট, সহ-ক্রীড়া সম্পাদক (নারী) মোছা. শাহানাজ পারভীন শানু, পরিবহন ও যোগাযোগ সম্পাদক জহিরুল ইসলাম, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক মো. মমিনুল ইসলাম। এছাড়া কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুমাইয়া সুলতানা ছিয়া, হ্যাপি আক্তার শিলা, শায়লা সাবরীন নিঝুম, হামিদুল্লাহ সালমান, মেহেদী হাসান ও এএম রাফিদুল্লাহ।
এদিকে প্যানেল ঘোষণার পর শাখা ছাত্রদলের সদস্য সৈয়দা অনন্যা ফারিয়া প্রতারণার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল বিকালে অদম্য-২৪ চত্বরে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে শিক্ষার্থীবান্ধব প্যানেল করতে সক্ষম হয়নি ছাত্রদল। এই প্যানেল শিক্ষার্থীদের জন্য ঠিকঠাক কাজ করতে পারবে বলে ভরসা পাচ্ছেন না তিনি।
অনন্যা ফারিয়া জানান, এ কারণে প্যানেল থেকে নিজেকে সরিয়ে নিয়ে স্বতন্ত্রভাবে জিএস পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

